বার্সার ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়েছেন দিবালা!

বিডি নিউজ ৬৪: ৮০ মিলিয়ন ইউরো। প্রস্তাবটা শুধু ভালো নয়, বেশ ভালো। লোভনীয়। কিন্তু সেই লোভকে জয় করলেন ২২ বছরের পাউলো দিবালা। ইউরোপে সাড়া ফেলে দেওয়া আর্জেন্টাইন স্ট্রাইকার ফিরিয়ে দিয়েছেন বার্সেলোনার প্রস্তাব। ইতালির জুভেন্তাসেই থাকবেন।

এই সময়ে বিশ্বে সেরা তরুণ প্রতিভার অন্যতম দিবালা। তাকে আর্জেন্টিনা থেকে ইউরোপে নিয়ে আসার কাজটি করেছেন গুস্তাভো মাসকার্দি। আর এই এজেন্টই জানিয়েছেন চমকে যাওয়ার মতো তথ্যটি। ইতালিয়ান দল পালেরমোতে ২০১২ তে যোগ দেন দিবালা। সৃষ্টিশীল এই ফরোয়ার্ড, গতি, নৈপুণ্য, টেকনিকে বাজিমাত করেছেন। ৪০ মিলিয়ন ইউরোতে তাকে গত মৌসুমে দলে টানে জুভেন্তাস।

প্রথম মৌসুমেই জুভেন্তাসে চ্যাম্পিয়ন দিবালা। ট্রেবল জিতেছেন। ৩৪ ম্যাচে ১৯ গোল করেছেন। সিরি এ’র দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ইতালিতে ‘লা জয়া’ বা হিরা হিসেবে পরিচিত দিবালা। আর্জেন্টিনার জাতীয় দলে এখনো সুযোগ হয়নি। তবে অলিম্পিক দলে আছেন। আর তার ওপর চোখ ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবের। কিন্তু জুভেন্তাস তাকে সুযোগ দিয়েছে বিশ্বে নাম কামানোর। ক্লাবটা ধরে রাখতে চান দিবালা।

এজেন্ট মাসকার্দি জানিয়েছেন, বার্সেলোনা জুভেন্তাসের দ্বিগুন টাকায় সম্প্রতি প্রস্তাব পাঠায় দিবালাকে। কিন্তু দিবালা জানেন তার কি করতে হবে। তাই এখনই ক্লাব না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফিরে যেতে হয়েছে বার্সেলোনাকে। এর আগে ইন্তার মিলান ও এসি মিলান আগ্রহ দেখিয়েছিল। কিন্তু দিবালা বেছে নিয়েছিলেন জুভেন্তাসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *