মেসির ফিরে আসাটা ফুটবলের জন্য খুব দরকার: পিকে

বিডি নিউজ ৬৪: ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ ব্যবধানে পরাস্ত হয়েছিল আর্জেন্টিনা। ওটাই ছিল বড় কোনো আসরের ফাইনালে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির প্রথম হতাশা। এরপর ২০১৪ সালে ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে পরাজয়। ২০১৫ সালে কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হার। বছর ঘুরতে একই ফল। ২০১৬ সালে টাইব্রেকারে সেই চিলির কাছে ধরাশায়ী হয়ে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। চারটা মেজর ফাইনালে এমন ফলে ভীষণ হতাশ দলীয় অধিনায়ক লিওনেল মেসি।

কতটা কষ্ট পেলে মেসি এ কথা বলতে বাধ্য হন যে ‘আর্জেন্টিনার হয়ে ট্রফি আমার কপালে নেই!’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত কোপা আমেরিকা ফাইনাল শেষে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন মেসি। তবে আর্জেন্টাইন ফুটবলার এই সিদ্ধান্ত পাল্টাবেন বলে মনে করছেন বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। জানালেন, মেসির ফিরে আসাটা ফুটবলের জন্য খুব দরকার।

এক সাক্ষাৎকারে মেসির অবসর নিয়ে পিকে বলেন, ‘আমি ওর (মেসি) সঙ্গে কথা বলিনি। সবাই যা জানে, আমিও তা-ই জানি। আমি নিশ্চিত যে এটা বড় হতাশা ছিল। তবে আমি এও জানি যে এটা মেসি কাটিয়ে উঠবে, যেমনটা আরো অনেকেই এর আগে করেছে। মেসির ফিরে আসাটা ফুটবলের জন্য খুব দরকার।’

প্রসঙ্গত, ২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছেন মেসি। ২০০৮ সালে জাতীয় দলের হয়ে অলিম্পিকে সোনা জিতেছেন তিনি। তবে ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জয়ের কীর্তি রয়েছে তার। পাঁচবার নির্বাচিত হয়েছেন বর্ষসেরা ফুটবলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *