বিডি নিউজ ৬৪: মাদারীপুর জেলার শিবচর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য মিঠু বেপারী (২৮) কাঁঠালবাড়ি ইউনিয়নের কান্দি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি গত দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে একই ইউনিয়নের চরচান্দ্রা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় দুই এলাকাবাসীর সাথে কথা বলছিলেন মিঠু। এ সময় চার থেকে পাঁচজনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাকে কুঁপিয়ে জখম করে পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ও তার জনপ্রিয়তার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ উজ্জামান জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মিঠু বেপারীকে হাসপাতালে আনা হয়। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ফুসফুসেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ব্যাপারে রাতেই শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাজা মিয়া জমাদ্দার নামে একজনকে আটক করেছে। খুনিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল