গাজীপুরে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

বিডি নিউজ ৬৪: জেলার মীরের বাজার এলাকায় একটি পানবাহী পিকআপভ্যান তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-টেকনাফের কোনাপাড়া এলাকার আমির হোসেন, যশোরের কেরালখালি গ্রামের টিটন ও একই এলাকার লিটন হোসেন।

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মীরের বাজার এলাকায় পানবাহী একটি পিকআপভ্যানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় পানের খাঁচার ভেতর থেকে প্লাস্টিক কাগজে মোড়ানো ১০টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।

ইয়াবা ট্যাবলেটের চালানটি টেকনাফ থেকে গাজীপুরে বিক্রির জন্য আনা হয়েছে এবং এরসঙ্গে জড়িত অপর আসামিদের ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া অপর এক অভিযানে জয়দেবপুর এলাকা থেকে ২ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে ইয়াবা, ফেনসিডিলসহ ১১ জন এবং কাপাসিয়া থানায় দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সামছুকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ সবুর খান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন, জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *