রাগ নিয়ন্ত্রণ করবেন যেভাবে

বিডি নিউজ ৬৪: রাগ হয় না এমন মানুষ পাওয়া কঠিন। রেগে যাওয়া খুব স্বাভাবিক একটা অনুভুতি। কিন্তু খেয়াল রাখবেন রাগ যেন কোনোভাবে আপনার ক্ষতি না করে। বা আপনিও রাগের মাথায় এমন কিছু না করে ফেলেন যার জন্য পরবর্তীকালে লজ্জিত হতে হয়। তাই রাগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

১. রাগের মাথায় কাউকে কোনো কথা বলার আগে একবার ভাবুন। রাগের মাথায় খারাপ কথা বলে পরে অনুশোচনা করবেন না তো? কিন্তু যখন আপনি সত্যিই অনুতন্ত হবেন, তখন হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। অনেক সময় এর ফলে আমাদের প্রিয়জনের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই কিছু বলে ফেলার আগেই রাগ নিয়ন্ত্রণ করুন। হয় মাথা ঠাণ্ডা রেখে, ধৈর্য ধরে কথা বলুন, না হলে এই বিষয়ে পাল্টা কিছু বলতে হলে একটু সময় নিন। তখনই কোনো কথা বলবেন না। মাথা ঠাণ্ডা হলে যার ওপর রেগে গিয়েছেন, তাঁকে আপনার খারাপ লাগার কারণটা বুঝিয়ে বলুন। আপনার রাগ হয়েছে, সেই ব্যাপারটা এই ভাবে শান্ত ভাবেও বুঝিয়ে দেওয়া যায়।

২. আপনার রাগ যদি বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তবে কাউন্সিলিং -এর কথা ভাবতে পারেন। সঠিক কাউন্সিলিং-এর সাহায্যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। তা ছাড়া নিয়মিত ওয়ার্ক আউট করুন। খেয়াল করে দেখুন আমাদের রাগের কারণ আসলে স্ট্রেস। নিয়মিত শরীরচর্চা করলে সহজেই স্ট্রেসড হয়ে পড়ার সম্ভাবনা কম। তাই এবার থেকে যখনই রেগে যাবেন, একটু রাস্তায় বেরিয়ে হেঁটে আসুন। খানিক পরে দেখবেন, রাগ অনেকটাই কমে গিয়েছে। মিউজিকও রাগ কমিয়ে দিতে পারে।

৩. কোনো সমস্যা দেখা দিলে, যদি তা সহজে সমাধান না হয়, তাহলে সবার আগে মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। সমস্যার সময় মাথা গরম করলে, সমস্যার সমাধান তো হবে না, বরং রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাতে সমস্যা আরও বাড়তে পারে। বরং ঠাণ্ডা মাথায় সমস্যার সমাধানের রাস্তাগুলো ভাবুন। বা কারোর সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হলেও, তার ওপর রেগে ভালো মন্দ কথা না বলে, তাঁর সঙ্গে মনোমালিন্যের বিষয় নিয়ে আলোচনা করুন। পরস্পরকে দোষারোপ না করে, সমস্যার সমাধান কী করে হবে সেই নিয়ে আলোচনা করাটাই বুদ্ধিমানের কাজ।

৪. রাগ হলে, অন্যের দোষ না দেখে বিষয়টি একটু নিরপেক্ষ ভাবে দেখার চেষ্টা করুন। আপনার নিজের দোষটা চোখে পড়বে তাহলে। তাতে অপর ব্যক্তির প্রতি আর ততটা রাগ হবে না। কারোর সঙ্গে কোনো সমস্যা হলে, তা মিটিয়ে নিন। রাগ পুষে রাখলে আপনারই ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *