উত্তরায় আলাউদ্দীন মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ৪

রাজধানীর উত্তরায় আলাউদ্দীন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সময় দেয়াল চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে একই পরিবারের তিনজন দগ্ধসহ ১০ আহত হয়েছেন। বর্তমানে দগ্ধসহ আহত চারজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে নিহতের নাম ঠিকানা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে দগ্ধ তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মাহমুদুল হাসান (৩৬), তার মেয়ে মেহনাজ হাসান মাইশা (১০) ও ছেলে মোমতাকিন হাসান (৮ মাস)। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের লিফট ছিড়ে নিচে পড়ে গেলে লিফটের এসি বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, মার্কেটে আগুন লাগার পর দেয়াল চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মার্কেটের লিফট ছিড়ে নিচে পড়ে গেলে লিফটের এসি বিস্ফোরণ হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেছেন, ‘মাহমুদুল হাসানের ৮০ শতাংশই পুড়ে গেছে, তার মেয়ে মাইশার ৫০ শতাংশ ও ছেলে মোমতাকিনের ২৩ শতাংশ পুড়েছে।’

তিনি জানান, মাহমুদুল হাসান আলাউদ্দিন মার্কেটের বেজমেন্টে অবস্থিত ট্রপিক্যাল হোমস লিমিটেডের ডিজিএম। তার অফিসের কলিকদের পরিবার নিয়ে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। মাহমুদুলের ছেলে এবং মেয়েকে নিয়ে আগেই অফিসে চলে আসেন। স্ত্রী মেহবুবা হাসান উত্তরা ১৩ নং সেক্টরের ৩ নং রোডের বাসা থেকে আসছিলেন এর মধ্যেই এ ঘটনা ঘটে। মাইসা মাইলস্টোন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।

চিকিৎসক পার্থ আরো বলেন, আহত মামুনের দুই পা থেতলে গেছে। কিন্তু পায়ের ওপর কি পড়েছিল তা তিনি বলতে পারেননি। আলাউদ্দিন মার্কেটে তিনি রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির দোকানের কর্মচারী। ওখানে নামাজ পড়তে গিয়েছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *