আজ লিওনেল মেসির জন্মদিন। এই দিনের উপহারটা ভালো হলো না তার। গতকাল বৃহস্পতিবার রিও অলিম্পিকের জন্য আর্জেন্টিনা দলের ৯ খেলোয়াড়ের নাম ঘোষণা করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। সেই দলে নেই মেসি। শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালের পর ২২ সদস্যের পুরো দল ঘোষণা করার কথা রয়েছে।
৯ জন খেলোয়াড়ের মধ্যে শুধু তিনজনই ইউরোপিয়ান লিগে খেলেন, এম্পোলি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার অ্যাঙ্গেল কোরেয়া ও রিয়াল সোসিয়েদাদের গোলকিপার জেরোনিমো রুইয়ি।
বাকি ছয়জন আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকান বিভিন্ন লিগের খেলোয়াড়। তারা হলেন- জিওভানি লো সেলসো, এমানুয়েল মাম্মানা, জোনাথন সিলভা, হোসে লুইস গোমেজ, মরিসিও মার্টিনেজ ও ক্রিস্টিয়ান এসপিনোজা।
এর আগে একবারই অলিম্পিকে খেলেছেন মেসি, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে। সেবার মেসির অসাধারণ নৈপুণ্যে অলিম্পিকে সোনা জিতেছিল আর্জেন্টিনা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল