নিখোঁজের এক বছর পর বিএনপি নেতার কঙ্কাল উদ্ধার

বিডি নিউজ ৬৪: এক বছর ১১দিন আগে নিখোঁজ হওয়া কুষ্টিয়ার কুমারখালীর গড়াই ইট ভাটার মালিক ও বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার মীর মোশাররফ হোসেন সেতুর পাশে গড়াই নদীর তলদেশের বালি সরিয়ে পুলিশ মরদেহের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ২০১৫ সালের ৪ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে মিরাজ তার ব্যবসায়ীক পার্টনার কোহিনুরের মোটরসাইকেলে করে বাড়ি থেকে লাহিনী বটতলা মোড়ে আসার পর নিখোঁজ হন। এ ঘটনায় মিরাজের স্ত্রী শখি খাতুন গত ৫ জুন কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে অভিযান চালিয়ে আটক করে ৭ জনকে। বর্তমানে ৬ জন জেল হাজতে রয়েছে। সম্প্রতি পুলিশ এই মামলার আসামি আলমগীরকে গ্রেপ্তার করে গত বুধবার রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে গড়াই নদীর মধ্যে মরদেহ পুতে রাখার জায়গা দেখিয়ে দেয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী বুধবার রাত ১১টার দিকে পুলিশ ওই এলাকা থেকে একটি কঙ্কাল উদ্ধার করে। তবে এটি মিরাজের কঙ্কাল কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় পুলিশ। মিরাজ চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *