ইউরো মিশনের শুরুতেই হোঁচট খেল ইংল্যান্ড

ইউরোর মূল অভিযান শুরুর আগে দারুণ ছন্দে ছিল ইংল্যান্ড। প্রস্তুতি পর্বটা ভালোভাবেই সেরে রেখেছিল তারা। কিন্তু ইউরোপসেরা হওয়ার মূল আসরে এসে কিছুটা ছন্দ পতন ঘটল রয় হজসনের দলের। শনিবার রাতে তাদের জিততে দেয়নি তুলনামূলক দুর্বল রাশিয়া।

শুরুতে এগিয়ে থেকেও পয়েন্ট খুইয়েছে ইংলিশরা। ম্যাচটির নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ব্যবধানে ড্রয়ে। তাই ইউরো অভিযানের শুরুতেই হোঁচট খেল ‘ফেবারিট’ ইংল্যান্ড।

মার্শাইয়ে শুরু থেকেই ইংল্যান্ডের সঙ্গে সমান তালে লড়ে গেছে রাশিয়া। বিরতির সময় তাই ম্যাচের ফল গোলশূন্যই ছিল। বিরতির আগে রুনিরা দু’একবার সুযোগ তৈরি করতে পারলেও রাশিয়ার জালে বল জড়াতে পারেননি৷

বিরতির পরে তো খেই হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড! রাশিয়ার ফুটবলাররা চেপে ধরেন ইংল্যান্ড ফুটবলারদের। ওই সময় ইংল্যান্ডের ফুটবলাররা বলই পাচ্ছিলেন না। তবে ধীরে ধীরে খেলায় ফেরে ইংল্যান্ড। ৫৩ মিনিটে স্টার্লিং নিশ্চিত গোল নষ্ট করে বসেন।

৭০ মিনিটে রুনির শট আটকে দেন রাশিয়ান গোলরক্ষক৷  তবে এরপর গোল পেতে বেশি দেরি হয়নি ইংল্যান্ডের। ৭৩ মিনিটে দিয়ের দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল আদায় করে নেন। তাতে লিড পায় ইংল্যান্ড।

এরপর মনে করা হয়েছিল ম্যাচ জিততে চলেছে ইংল্যান্ড। কিন্তু  না। সে আশায় গুড়েবালি। রাশিয়ার অদম্য জেদের কাছে হার মানল ইংল্যান্ড। ম্যাচের অন্তিমলগ্নে (অতিরিক্ত সময়ে) রাশিয়াকে সমতায় ফেরান ভাসিলি ব্রেজটাক্সি। জোরালো এক হেডে ইংলিশ গোলরক্ষক গোলরক্ষক জো হার্টকে বোকা বানান তিনি। তাই হতাশা নিয়েই মাঠ ছাড়েতে হয়েছে হজসনের দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *