বিডি নিউজ ৬৪: ইউরো ২০১৬ এর উদ্বোধনী ম্যাচে শুক্রবার রাতে রোমানিয়ার মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স। প্রথম ম্যাচেই রোমাঞ্চকর লড়াই উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রোমানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। আর তাতে জয়ে ইউরো মিশন শুরু করল দিদিয়ের দেশমের দল।
সাঁ-দেনির স্তাদে দে ফ্রান্সে ফ্রান্সকে ঘাম ঝরিয়ে ছেড়েছে রোমানিয়া। প্রথমার্ধে কোনো আদায় করে নিতে পারেননি পগবা-জিরুরা। যা একটু সুযোগ তৈরি করেছিলেন তারা, তা লক্ষ্যভেদের জন্য যথেষ্ট ছিল না! আবার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার উপক্রম হয়েছিল স্বাগতিকদের। ভাগ্যিস, গোলরক্ষক হুগো লরিসের দৃঢ়তায় তা আর হয়নি। প্রথমার্ধে এভাবে হতাশায় কাটে ফরাসিদের। ছিল গোলবঞ্চিত।
খেলার ৫৭ মিনিটে ফ্রান্সের পক্ষে গোলমুখ উন্মোচন করেন অভিলিয়ের জিরু। দলের মিডফিল্ডার পায়েতের উড়িয়ে দেয়া বল দুর্দান্ত এক হেডে রোমানিয়ার জালে জড়ান তিনি। এতে স্বাগতিক শিবিরে ফিরে আসে আনন্দ।
৬৪ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে রোমানিয়া। স্বাগতিকদের ডি-বক্সে পাট্রিক এভরা বাজেভাবে ট্যাকেল করে বসেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্তানিসিউকে। ম্যাচের ফল যখন ১-১, স্বাগতিক শিবিরে তখন পয়েন্ট হারানোর আশঙ্কা জাগে।
শেষ পর্যন্ত অবশ্য হাফ ছেড়ে বাঁচেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ম্যাচের অন্তিমলগ্নে (৮৯তম মিনিট) রোমানিয়ার জাল কাঁপান আগের গোলের যোগানদাতা পায়েত। জয়সূচক গোল করার পর তার উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতোই।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল