বিডি নিউজ ৬৪: ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি আহত হয়েছেন বলে দেশটির টেলিভিশন চ্যানেল আল সুমারিয়ায় যে খবর জানিয়েছে এখনো তার সত্যতা যাচাই করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরাকি কর্মকর্তারা।
মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোটের মুখপাত্র কর্নেল ক্রিস গার্ভার এক ইমেইল বার্তায় বলেছেন, তিনি ইরাকি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি দেখেছেন। তবে এ বিষয়ে ‘এখনও নিশ্চিত হতে পারেননি’।
এছাড়া জোট বাহিনীর মার্কিন দূত ব্রেট ম্যাক গুর্ক হোয়াইট হাউসে এক দৈনন্দিন সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘গতবছর থেকে আমরা তার (বাগদাদি) কোনো বিবৃতি শুনতে পাচ্ছি না। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি আর বেঁচে নেই। আমাদের ধারণা, তিনি বেঁচে আছেন।’
ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি ও আরব নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও খবরটির বিষয়ে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স। ইরাকের আল সুমারিয়া টিভি উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার সিরিয়া সীমান্তের কাছে আইএসের একটি গ্রুপের নীতি-নির্ধারণী সদরদফতরে যৌথ বাহিনীর বিমান হামলায় কয়েক সহযোগীসহ বাগদাদি আহত হয়েছেন।
যে আল সুমারিয়া টিভি এই খবর দিয়েছে তাদের সঙ্গে আইএস বিরোধী লড়াইয়ে অংশ নেয়া ইরাকি বাহিনী ও শিয়া রাজনীতিবিদদের ভালো যোগাযোগ রয়েছে বলে জানায় রয়টার্স। দুই বছর আগে নিজেকে বিশ্বের সব মুসলমানদের খলিফা হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পর নিজের আহত ও নিহত হওয়া নিয়ে একাধিক বার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন বাগদাদি।
তবে সর্বশেষ যে বিমান হামলায় এই আইএস নেতার আহত হওয়ার খবর পাওয়া গেছে বৃহস্পতিবার আদৌ ওই অঞ্চলে কোনো বিমান হামলা চালানো হয়েছিল কিনা তা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল