বিডি নিউজ ৬৪: বিশ্ব শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বিশ্ব শান্তি, উন্নয়ন ও মুসলিম উম্মাহর জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। রবিবার স্থানীয় সময় দুপুরে জেদ্দায় সৌদি বাদশাহর বাসভবন আল সালাম প্যালেসে দুই দেশের নেতার মধ্যে দ্বি-পক্ষীয় বৈঠকে এ অঙ্গীকার আসে। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সামনে আসেন পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
পররাষ্ট্র সচিব বলেন, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এবং সৌদি বাদশাহ বিশ্ব শান্তি, উন্নয়ন এবং ইসলামি উম্মাহর জন্য একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন। একইসাথে বিশ্বে এখন যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা- এই ক্ষেত্রে কাজ করার জন্যও প্রধানমন্ত্রী ও বাদশাহ অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাংলাদেশকে সৌদি আরব গুরুত্বের সঙ্গে দেখছে জানিয়ে শহীদুল হক বলেন, শুরুতেই কিং সালমান বলেছেন, সৌদি আরব বাংলাদেশকে শীর্ষ সারির একটি মুসলিম দেশ মনে করে এবং তিনি বলেছেন, মুসলিম বিশ্বে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ।
একইসাথে উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের যে অপার সম্ভাবনা আছে, তা বাদশাহ বারবার উল্লেখ করেছেন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের কথা বলেছেন উনি দুবার। সৌদি বাদশাহ মনে করেন, বিশ্বে শান্তি, প্রগতি ও স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় ভূমিকা আছে। এ আলোচনা থেকে বোঝা যায় যে, একটা শক্তিশালী সম্পর্ক উন্মুক্ত, যেটা আমরা আগে ঠিক এভাবে দেখিনি, বলেন পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলেছেন। সেখানে সৌদি আরবের জন্য একাধিক অঞ্চল নির্দিষ্ট করা যেতে পারে। যেখানে সৌদি বিনিয়োগকারীরা বিদ্যুৎ, জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যৎপ্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন।
বৈঠকে সৌদি বাদশাহ আরবিতে কথা বললেও তিনি শেখ হাসিনাকে ম্যাডাম প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেন বলে জানান শহীদুল হক। তিনি বলেন, এটা অত্যন্ত যুগান্তকারী সফর হয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তারও অনেক বেশি সফলতা এসেছে বলে আমার মনে হয়। এই সফরের মধ্য দিয়ে শুধু নতুন অধ্যায়ই উন্মুক্ত হয়নি, আমাদের সম্পর্ক ইতোমধ্যে একটা নতুন উচ্চতায় চলে গেছে। শেখ হাসিনা সৌদি বাদশাহকে বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সৌদির সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে সৌদি আরব ইসলামিক অ্যালায়েন্সের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সে বিষয়টিও শেখ হাসিনা তুলে ধরেন বলে জানান পররাষ্ট্র সচিব।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল