মাহমুদার মৃত্যুতে আইজিপির শোক

 বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

রোববার (৫ জুন) গণমাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স-এর জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

আইজিপি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা।  দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পিবিআই চট্টগ্রাম প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ খান জানান, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে বাসা থেকে ১০০ গজ দূরে ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার পথে তিন মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দেন। এরপর তারা ছুরিকাঘাত করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

এ হত্যাকাণ্ডের জন্য প্রাথমিকভাবে জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, ‘এ হত্যাকাণ্ড পৈশাচিক। বাবুল আক্তার একজন সৎ, নির্ভীক ও পরিশ্রমী অফিসার। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে না পেয়ে তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। এটি অত্যন্ত পৈশাচিক, নৃশংস ও ঘৃণিত হত্যাকাণ্ড।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘এর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে এবং খুনিদের অবশ্যই চিহ্নিত করা হবে। মূল কারণ খুঁজে বের করতে গোয়েন্দারা কাজ করছে।’

এদিকে রোববার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার শুলকবহরের বড় গ্যারেজ এলাকা থেকে মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানিয়েছেন, মোটরসাইকেলটির নম্বর চট্টমেট্রো-ল-১২-৯৮০৭। বর্তমানে মোটরসাইকেলটি চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *