পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ

বেসরকারি বন্ধ মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ ৮ দফা দাবিতে খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা।

রোববার সকাল সোয়া ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর পৌনে ১২টা পর্যন্ত। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মহানগরীর ফুলবাড়িগেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা মহাসড়ক ও রেল লাইনে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এদিকে, অবরোধ চলাকালে মহাসগকের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, বন্ধ মহসেন জুট মিলস চালু, সোনালী, আফিল জুট মিল পূর্ণাঙ্গ চালু, শ্রমিকদের চূড়ান্ত বিলসহ সব বকেয়া পরিশোধ, এ্যাজাক্স জুট মিলের বিদ্যুৎ সংযোগ, জুট স্পিনাস, সাগর, সিডলো মিলের সকল বকেয়া  পরিশোধ করা এবং এ্যাজাক্স, সোনালী, আফিল, মহসেন জুট মিল জাতীয়করণ।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ জানান, বন্ধ মিল চালুসহ শ্রমিকদের ৮ দফা দাবিতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় রোববার রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। তবে, জেলা প্রশাসকের আশ্বাসে নির্ধারিত সময়ের আগে কর্মসূচি প্রত্যাহার করা হয়। অবিলম্বে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ শেখ আনছার আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, মো. ওবায়দুর রহমান. শেখ আমজাদ হোসেন, মো. হুমায়ন কবীর, এফএম জাহিদ হাসান জাকির, মোল্লা মুজিবর রহমান, আব্দুর রহমান মোড়ল, শহিদুল ইসলাম, গোলাম রসুল খান, মো. নুরুজ্জামান ব্যাপারী, লিয়াকত মুন্সী, খান লিয়াকত আলী, পার্থ প্রতিম মজুমদার, আসাদুজ্জামান আওলাদ, সেকেন্দার আলী, আব্দুল লতিফ সরদার, আব্দুস সালাম গাজী, মো. ফারুখ চোকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *