দেশের অন্যতম নাট্য সংগঠন পদাতিক নাট্য সংসদ (টিএসসি)। এই নাট্যসংগঠনটি এবার মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে তাদের প্রযোজনার নতুন নাটক‘গহনযাত্রা’। নাটকটি রচনা করেছেন তরুণ নাট্যকার ও অভিনেতা রুবাইয়াৎআহমেদ। নির্দেশনা দিয়েছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নির্দেশক সুদীপ চক্রবর্তী। একক অভিনয়ের এই নাটকটিতে অভিনয় করছেন-শামছি আরা সায়েকা।
নাটকটির কাহিনীতে দেখা যাবে, এই ভূখন্ডের কোনো এক স্থানে জন্ম নেয় উগ্রপন্থার। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধুমাত্র একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। এজন্যে তারা চালায় ধ্বংসলীলা বইয়ে দেয় রক্তগঙ্গা, হত্যা করে অগণিত মানুষ, ধর্ষিত হয় অসংখ্য নারী। ভিন্ন মতাদর্শের এক ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষদের তারা ধরে নিয়ে বন্দি করে রাখে। বন্দিদশা থেকে পালাতে চায় অনেকে। কিন্তু মারা পড়ে তারা। শুধু একজন বেঁচে যায়। সালমা। কিন্তু বেঁচে গিয়ে ফিরে আসে সালমা। খোলা প্রান্তরে পড়ে থাকা লাশগুলো সমাহিত করবে বলে। এই সময়ে সালমা নিজের অভ্যন্তরে টের পায় অপর কারো অস্তিত্ব। সেই অস্তিত্ব হয়তো তারই। বর্ধিত কোনো রূপ কিংবা অপররূপে সে নিজেই অথবা অন্যকিছু। আমরা জানি না। সেই অস্তিত্ব সঙ্গী হয় তার। মৃতদের কবর দেবার পর সালমা খোঁজ করে তার প্রার্থিত পুরুষের। খুঁজে পায় ল্যাম্পপোস্টে ছিন্নমস্তক ঝুলে আছে সেই পুরুষ। সালমা ধরা পড়ে উগ্রপন্থিদের হাতে। তাকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার জন্য নিয়ে যাওয়া হয় বধ্যভূমিতে। আগুনে দগ্ধ হওয়ার পূর্বে সালমা যাচনা করে পরমের সান্নিধ্য। ক্ষমা চায় তাদের জন্য যারা এই পরিণতির কুশীলব। নিজের অন্তর্ধানের মধ্য দিয়ে সব অনাচার আর বিভেদ যেন লুপ্ত হয় পৃথিবী থেকে সেই প্রার্থনায় নত হয় সালমা।
নাটকটির সংগীত পরিকল্পনায় আছেন-সাইম রানা, সংগীত সঞ্চালনায়-মেহেদী হাসানমেধা, মঞ্চ পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী, আলোক পরিকল্পনায় ছিলেন আতিকুল ইসলাম জয়, মঞ্চ ও মুখোশ নির্মাণ করেছেন-তৈমুর হান্নান, পোশাকও রূপসজ্জা পরিকল্পনা করেছেন-শামছি আরা সায়েকা।
নাটকটির রচয়িতা নাট্যকার রুবাইয়াৎ আহমেদ জানান, প্রায় এক বছর ধরে নাটকটির মহড়া চলছে। আধুনিক বর্ণনামূলক এবং ইউরোপিয় ধারার মিশ্রনে এই নাটকটি তৈরি হচ্ছে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে এ মাসের ২৪ তারিখে নাটকটির বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে উদ্বোধনী মঞ্চায়ন হবে। আর দুই একদিনের মধ্যে নাটকটির একটি কারিগরি প্রদর্শনী করার ইচ্ছা আছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল