যশোরে নিখোঁজ ব্যবসায়ী সন্ধানে কাঁদলেন মা-স্ত্রী-সন্তান

যশোরের মণিরামপুরের বাসিন্দা ব্যবসায়ী নাজিম উদ্দিনের সন্ধান চেয়ে কাঁদলেন তার মা, স্ত্রী ও দুই মেয়ে।

বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে সাশ্রু নয়নে তারা নাজিম উদ্দিনের উদ্ধারের জন্য আবেদন জানান। গত ২৫ মে ঢাকা থেকে নিখোঁজ হন জিএম নাজিম উদ্দিন (৪২)। তিনি যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিম উদ্দিনের স্ত্রী নাজমা আক্তার। তিনি জানান, তার স্বামী বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফেরেন। এরপর ব্যবসা করছিলেন। এ উদ্দেশে তিনি গত ১৮ মে ঢাকার বসুন্ধরা এলাকায় বন্ধু খন্দকার মাহফুজ আলমের বাড়িতে যান। সেখান থেকে ২৫ মে তার ব্যবসায়িক পার্টনার গাউসুল আযম তাকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তারও কোনো সন্ধান নেই। এ ঘটনায় ২৮ মে ঢাকার ভাটারা থানায় জিডি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্ত্রী নাজমা আক্তারের সঙ্গে নাজিম উদ্দিনের মা শরীফুন্নেসা, দুই মেয়ে ফাওজিয়া ইয়াসমিন তুবা ও ফাইরুজ ইয়াসমিন তৈয়বাও অশ্রুসিক্ত নয়নে তার সন্ধান চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *