নোয়াখালীতে চাঞ্চল্যকর নিপু হত্যা মামলার পলাতক আসামি হুমায়ুন (২৩) ও ইয়াকুব (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছে থেকে ২টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে র্যাব-১১ কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নরেশ চাকমা এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হুমায়ুন বেগমগঞ্জের চাঁদকাশিমপুর চৌকিদার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে এবং একই গ্রামের তোয়ার বাড়ির মৃত আবদুর রহমান কালা মিয়ার ছেলে ইয়াকুব।

সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, বৃহস্পতিবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে লক্ষ্মীপুর-নোয়াখালীর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় র্যাব। পরে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ স্বাস্থ্য উপকেন্দ্রের পিছন থেকে হত্যা মামলার প্রধান আসামি মো. হুমায়ুন ও ৩নং আসামি ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ নোয়াখালী জেলার বেগমগঞ্জের চাঁদকাশিমপুর খুরশিদা বালিকা বিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে নুর মোহাম্মদ ওরফে নিপুকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরে ১ এপ্রিল বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল