ফরিদপুরে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ছোটন মারা গেছে

বিডি নিউজ ৬৪: ফরিদপুরে পরিবহনের কাউন্টারে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ছোটন বিশ্বাস ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের বিরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, সোমবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থল ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় নামক স্থানে পরিবহনের কাউন্টার দখলকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ওই মোড়ে দূরপাল্লার বিভিন্ন পরিবহনে যাত্রীদের তুলে দেয়ার জন্য মোট পাঁচটি কাউন্টার রয়েছে। এর মধ্যে একটিতে ঢাকার যাত্রীদের তোলা হতো। ওই কাউন্টারে গত সোমবার রাত ৯টার দিকে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। হামলাকারীরা গুলি ছুড়ে ও কুপিয়ে ওই কাউন্টারের চার কর্মী অম্বিকাপুর ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঘুনন্দনপুর এলাকার মো. কামাল শেখ (২৭), ছোটন বিশ্বাস (৩২), লাবলু শেখ (২৫) ও হরিসভা এলাকার নয়ন শেখ (২০)। কামাল ও ছোটন গুলিবিদ্ধ হয় এবং লাবলু ও নয়নকে কুপিয়ে আহত করা হয়।

গুলিবিদ্ধ কামাল ও ছোটনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ছোটনকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। নয়ন ও লাবলুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত কামালের ভাই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কুদ্দুসুর রহমান জানান, কামাল অম্বিকাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। আহতরা ওই কাউন্টারে কর্মরত ছিল। কাউন্টারটি দখল করার জন্যই এ হামলা চালানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় ওই কাউন্টারের এক কর্মকর্তা কামরুজ্জামান বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ১৫ জনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা করেছে। পুলিশ অপরাধীদের আটক ও আইনি পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *